পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক অভিযান চালিয়ে ভারত সমর্থিত সাত সন্ত্রাসীকে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের নিরাপত্তাবাহিনী।
সেনাবাহিনী জানায়, বেলুচিস্তানের চাগাই জেলার নোকচা এলাকায় দুই সন্ত্রাসীকে হত্যা করা হয়। তারা জাতীয় মহাসড়ক এন-৪০ ও স্থানীয় অবকাঠামোয় অগ্নিসংযোগ করে পালানোর চেষ্টা করলে সেনাবাহিনীর অভিযানের মুখে পড়ে। নিরাপত্তা সূত্র জানিয়েছে, বেলুচিস্তান থেকে সন্ত্রাসীদের পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে।
অন্যদিকে খাইবার পাখতুনখাওয়ার বারা শহরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে 'ফিতনা আল-খারেজি' সংগঠনের পাঁচ সদস্য নিহত হয়। এই অভিযানে সন্ত্রাসীদের একটি আস্তানা পুরোপুরি ধ্বংস করা ছাড়াও বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।
সংবাদমাধ্যম জিও টিভির বরাতে জানা যায়, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানে সন্ত্রাসী কার্যক্রম আশঙ্কাজনকভাবে বেড়েছে। ইসলামাবাদ এই সন্ত্রাসী হামলার পেছনে আফগান ভূখণ্ড ও তালেবানের পৃষ্ঠপোষকতাকে দায়ী করলেও তালেবান প্রশাসন বরাবরের মতোই এ অভিযোগ অস্বীকার করে আসছে।