বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত বহুল আলোচিত চলচ্চিত্র ‘মায়ার জঞ্জাল’ এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে। জনপ্রিয় দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে দর্শক সিনেমাটি দেখতে পাবেন। সোমবার রাতে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রখ্যাত কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’ অবলম্বনে ছবিটি পরিচালনা করেছেন ওপার বাংলার পরিচালক ইন্দ্রনীল রায় চৌধুরী। যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের ‘ভিউস অ্যান্ড ভিশনস’ (জসিম উদ্দিন) ও কলকাতার ‘ফ্লিপবুক’। সিনেমাটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপি করিম এবং কলকাতার গুণী অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।

ওটিটিতে মুক্তির খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ঋত্বিক চক্রবর্তী তার সহশিল্পী অপি করিমের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন। তিনি জানান, ছবিতে তার স্ত্রীর ভূমিকায় অপি করিম অত্যন্ত অসাধারণ অভিনয় করেছেন। পাশাপাশি সহশিল্পী সোহেল মণ্ডলের সাথে প্রথম কাজ করার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি।

২০২৩ সালে বাংলাদেশ ও ভারতের প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাওয়ার আগেই ছবিটি ইতালি, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও প্রশংসিত হয়। ইতালির রোমে অনুষ্ঠিত ‘এশিয়াটিকা ফিল্ম ফেস্টিভ্যাল’-এ সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে জুরি অ্যাওয়ার্ড এবং লন্ডনের ‘রেইনবো চলচ্চিত্র উৎসব’-এ সেরা চলচ্চিত্রের সম্মাননা অর্জন করে ‘মায়ার জঞ্জাল’। এছাড়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও এটি সেরা চিত্রনাট্যের পুরস্কার লাভ করে।

অপি করিম ও ঋত্বিক চক্রবর্তী ছাড়া এতে আরও অভিনয় করেছেন কলকাতার পরাণ বন্দ্যোপাধ্যায়, সোহেল মণ্ডল (সোহেল রানা) ও অমিত সাহাসহ দুই বাংলার একঝাঁক দক্ষ শিল্পী।