শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৪২ বলে ৮টি চার ও ৬টি ছক্কার সাহায্যে বিধ্বংসী এক সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন ইংল্যান্ডের ব্যাটার হ্যারি ব্রুক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি তার ক্যারিয়ার সেরা ইনিংস। মঙ্গলবার শেষ পর্যন্ত ৪৯ বলে ১১৪ রান করে থামেন তিনি। এর আগে গত ফেব্রুয়ারি মাসে বিশ্বকাপে শ্রীলঙ্কার পাল্লেকেলেতে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটি করেছিলেন এই ইংলিশ ব্যাটার।
শ্রীলঙ্কার বিপক্ষে এই শতকের মাধ্যমে আইসিসি পূর্ণ সদস্য দেশের প্রথম অধিনায়ক হিসেবে এক পঞ্জিকাবর্ষে দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরির অনন্য রেকর্ড গড়লেন ব্রুক। পূর্ণ সদস্য দেশগুলোর আন্তর্জাতিক তিন ফরম্যাটে অধিনায়ক হিসেবে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় রিকি পন্টিং (টেস্টে ৭টি, ২০০৬) ও বিরাট কোহলির (ওয়ানডেতে ৬টি, ২০১৭ ও ২০১৮) পাশে এবার টি-টোয়েন্টি সিংহাসনে নিজের নাম লেখালেন তিনি।
অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুত সেঞ্চুরির অন্য এক রেকর্ডেও নাম লিখিয়েছেন ব্রুক। অধিনায়ক হিসেবে তার দুটি সেঞ্চুরি এসেছে মাত্র ২৩ ইনিংসে, যেখানে রোহিত শর্মা ও বাবর আজম যথাক্রমে ৬২ ও ৭৮ ইনিংস খেলে তিনটি করে সেঞ্চুরি করেছিলেন।
ব্রুকের এই অনবদ্য সেঞ্চুরির সুবাদে ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২৫৪ রানের পাহাড়ে স্কোর গড়ে ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ১৩৫ রানে অলআউট হলে স্বাগতিক দল ১১৯ রানের বড় জয় তুলে নেয়।