রাজবাড়ীতে ভোররাতে ঝটিকা মিছিল করার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়েরের পর আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের ৮ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ রোববার (১৪ জুন) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ।
এর আগে গত শনিবার (১৩ জুন) ভোর সাড়ে ৫টার দিকে রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কের একটি পেট্রোল পাম্পের সামনে এই ঝটিকা মিছিলের ঘটনা ঘটে।পুলিশের অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মো. সাইফুল ইসলাম সোহাগ (৪২), মো. রাব্বানী (৪৬), মাইনউদ্দিন শেখ (৪২), মো. নাসির উদ্দিন (৪২), মো. রিয়াদ মন্ডল (২৬), মো. আ. ছালাম মিলন (৫৭), নাহিদ মিয়া (২৪) এবং মো. নাসির শেখ (৬৪)। তারা রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন গ্রাম ও পৌরসভার বাসিন্দা।মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৩ জুন ভোর সাড়ে ৫টার দিকে রাজবাড়ী সদর থানার গোপিনাথদিয়া গ্রামের রাজবাড়ী ফিলিং স্টেশনের দক্ষিণ পাশে রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কের ওপর আনুমানিক ৩০ থেকে ৩৫ জন নেতাকর্মী জড়ো হন। পুলিশ দাবি করেছে, বর্তমান সরকারকে উৎখাত, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, দেশে অস্থিরতা সৃষ্টি ও জনমনে ত্রাস সৃষ্টির লক্ষ্যে তারা একটি ঝটিকা মিছিল বের করেন। এ সময় তাদের হাতে ব্যানার ও ফেস্টুন ছিল এবং তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন।এই ঝটিকা মিছিলের ঘটনায় রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপুসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে।রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ গণমাধ্যমকে জানান:"রাজবাড়ী থানা পুলিশ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এই মামলার ৮ জন সক্রিয় আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের ইতোমধ্যে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারেও পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।"