ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) বিদ্রোহী-নিয়ন্ত্রিত বুকাভু শহরে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৯ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে স্কুলশিক্ষার্থী ছাড়াও স্থানীয় বেশ কিছু শিশু রয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল আটটার দিকে বুকাভুর চিমপুন্ডা এলাকায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দুটি শিক্ষাপ্রতিষ্ঠান—উজামা প্রাইমারি স্কুল, ফুরাহা সেকেন্ডারি স্কুল এবং নিকটস্থ একটি বসতিতে ছড়িয়ে পড়ে। এএফসি/এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র লরেন্স কানিউকা জানান, নিহত শিশুদের মধ্যে ১৯ জন মেয়ে এবং পাঁচজন ছেলে রয়েছে।
দক্ষিণ কিভু প্রদেশের উপ-গভর্নর দুনিয়া মাসুমবুকো বুয়েঙ্গে জানান, আকস্মিক এই আগুনে দুটি স্কুলের পাশাপাশি প্রায় ৩০০টি কাঠের তৈরি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। স্থানীয় কর্মকর্তা প্যাট্রিস বুদুগে জানান, আগুন লাগার পর শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হুড়োহুড়ির একপর্যায়ে অনেকে পদদলিত হয়ে ও ধোঁয়ায় শ্বাসকষ্টে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্তদের দ্রুত উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাদুতু জেনারেল হাসপাতাল এবং বুকাভু প্রাদেশিক জেনারেল হাসপাতালের আইসিইউতে বর্তমানে ১৭ জনসহ মোট ২১ জন গুরুতর আহত শিক্ষার্থী চিকিৎসাধীন রয়েছেন। আল জাজিরার যাচাইকৃত ভিডিও ফুটেজে বসতি ও স্কুলগুলোতে লেলিহান শিখা ছড়িয়ে পড়ার দৃশ্য দেখা গেছে।
বুকাভু শহরটি ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস থেকে রুয়ান্ডার সমর্থনপুষ্ট এএফসি/এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে শহরটিতে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও এবারের এই দুর্ঘটনাকে সবচেয়ে ভয়াবহ হিসেবে দেখছেন স্থানীয়রা। আগুনের সঠিক সূত্রপাত এখনো নিশ্চিত করা যায়নি। তবে বিদ্রোহী প্রশাসনের পক্ষ থেকে উদ্ধারকাজ পরিচালনা করা হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার পাশাপাশি সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।