দেশে তামাকজাত পণ্যের ব্যবহার নিয়ন্ত্রণ ও রাজস্ব আহরণ বৃদ্ধির লক্ষ্যে নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরামূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি ১০ শলাকা নিম্নস্তরের সিগারেটের দাম ৬২ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা বা তার বেশি নির্ধারণের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
গত সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২০তম বৈঠকে এই প্রস্তাবের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরামূল্য প্রতি ১০ শলাকার ক্ষেত্রে ‘৬২ টাকা ও তদূর্ধ্ব’-এর পরিবর্তে ‘৬৫ টাকা ও তদূর্ধ্ব’ হিসেবে পুনর্নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে এ সংক্রান্ত স্ট্যাম্প ও ব্যান্ডরোল ব্যবহার বিধিমালা সংশোধনের দুটি প্রজ্ঞাপনের প্রস্তাবও অনুমোদন পেয়েছে।
সরকারের সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, সিগারেটের দাম এই সামান্য বৃদ্ধির ফলে নিম্নস্তরের সিগারেটের অবৈধ বাণিজ্য অনেকটাই রোধ করা সম্ভব হবে। এর পাশাপাশি তামাক খাতের রাজস্ব ঘাটতি হ্রাস পাবে এবং সামগ্রিকভাবে তামাক পণ্যের ব্যবহার নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে।