র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে নতুন নামে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) গঠনের উদ্যোগকে পুরোনো ক্ষমতার কাঠামোর পুনরুজ্জীবন বলে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। দলটির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, কেবল নাম পরিবর্তন করে র্যাবের জনবল, সম্পদ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বহাল রাখা কোনো প্রকৃত সংস্কার হতে পারে না।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর সিরাজুল আলম খান সেন্টারে জেএসডি ও সহযোগী সংগঠনের যৌথ সভায় এ মন্তব্য করা হয়। দলের সিনিয়র সহ-সভাপতি তানিয়া রবের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, র্যাবের বিরুদ্ধে গুম, বিচারবহির্ভূত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের মারাত্মক অভিযোগ রয়েছে। সেই বাহিনীর সবকিছু যদি নতুন নামে এসআরবিতে টিকিয়ে রাখা হয়, তবে তা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।
সভায় সভাপতির বক্তব্যে তানিয়া রব বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্রে বলপ্রয়োগের ক্ষমতা কোনোভাবেই জনগণের অধিকারের ঊর্ধ্বে থাকতে পারে না। নাম পরিবর্তনের মাধ্যমে পুরোনো ক্ষমতার পুনর্বিন্যাস রোধ করে জনগণের সার্বভৌমত্ব ও জবাবদিহিভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেন তিনি।
সভায় আরও বক্তব্য রাখেন জেএসডির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, মোহাম্মদ তৌহিদ হোসেন, কে এম জাবির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী এবং বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান প্রমুখ।