নিজের দেড় বছরের শিশুপুত্রকে ১ লাখ টাকায় বিক্রি করে সেই টাকায় আইফোন কেনার চাঞ্চল্যকর অভিযোগে মো. মারুফ মুন্সি নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে বিক্রি করে দেওয়া শিশুটিকেও উদ্ধার করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, গত শনিবার (২৯ আগস্ট) সকালে মারুফ তার মা ও শিশুটির দাদি মাহমুদা বেগমকে ছেলে মুসাকে জামাকাপড় পরিয়ে দিতে বলেন। এরপর বাজারে ঘুরতে যাওয়ার কথা বলে শিশুটিকে নিয়ে বাড়ি থেকে বের হন তিনি। দীর্ঘ সময় ধরে বাবা ও ছেলে বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।

পরে মারুফের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি শিশুটিকে ১ লাখ টাকার বিনিময়ে দশমিনা উপজেলার আলীপুর ইউনিয়নের রোমানাথসেন গ্রামের ইমরান হোসেনের কাছে লিখিতভাবে বিক্রি করে দেওয়ার কথা স্বীকার করেন। স্বজনদের অভিযোগ, সন্তান বিক্রির ওই টাকা পেয়ে মারুফ দ্রুত ঢাকা চলে যান এবং পুরনো ফোন বদলে একটি নতুন আইফোন কিনে বাড়ি ফেরেন।

ঢাকা থেকে মারুফ বাড়িতে ফিরেছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় তার বাড়িতে অভিযান চালায় দশমিনা থানা পুলিশ। দশমিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্তকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং শিশুটিকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।