কক্সবাজারে ঘুরতে নিয়ে যাওয়ার লোভ দেখিয়ে বাঁশখালী থেকে এনে যুবলীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণে বাধ্য করার অভিযোগে দুই মাইক্রোবাসসহ ৩০ জনকে আটক করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার সকালে আনোয়ারা-বাঁশখালী প্রধান সড়কের বরুমচড়া রাস্তার মাথা এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাঁশখালীর বাহারছড়া ইউনিয়ন থেকে মাইক্রোবাসে করে তরুণ ও কিশোরদের কক্সবাজারের কথা বলে আনোয়ারা আনা হয়। পরে গাড়ি থেকে নামিয়ে তাদের হাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানার ধরিয়ে মিছিলের চেষ্টা করা হলে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
এ ঘটনায় জেলা যুবলীগ নেতা শহীদুল ইসলাম ও ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেন সাজ্জাদসহ ৫৪ জনের নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। আটকদের মধ্যে কয়েকজন অপ্রাপ্তবয়স্ক কিশোরও রয়েছে।