মাগুরায় মাইক্রোবাসকে সাইড না দেওয়ার জেরে এক পুলিশ সদস্যকে প্রকাশ্যে চড়-থাপ্পড় মারার ঘটনায় অভিযুক্ত মাগুরা সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাঈমুজ্জামান নয়নকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৩০ আগস্ট) মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন এই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানান যে তাকে আজ আদালতে সোপর্দ করা হবে।
এর আগে গত শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে মাগুরা শহরের মাইক্রোবাস স্ট্যান্ড এলাকায় এই মারধরের ঘটনা ঘটে। ভুক্তভোগী পুলিশ সদস্য ইমরান হোসেন মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ের কন্ট্রোল রুমে কর্তব্যরত রয়েছেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শনিবার (২৯ আগস্ট) রাতে চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন ওই পুলিশ সদস্য।
ভাইরাল হওয়া ১ মিনিট ২৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ঘটনার সময় মাগুরা মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি ও সাবেক ছাত্রদল নেতা নাঈমুজ্জামান নয়ন মোটরসাইকেলে বসে থাকা পুলিশ সদস্য ইমরান হোসেনকে দুই পুলিশ কর্মকর্তার সামনেই সজোরে দুটি থাপ্পড় মারছেন এবং নিজের মোবাইল ফোনে ভিডিও ধারণ করছেন। এর আগে মাইক্রোবাস স্ট্যান্ড এলাকার লোকজনকে জড়ো করে পুলিশের ওই সদস্যের মোটরসাইকেলের চাবি কেড়ে নেওয়া হয়েছিল। এ সময় ঘটনাস্থলে উপস্থিত দুই এএসআই বাধা দিলে নয়নের সঙ্গে থাকা পৌর বিএনপির এক নেতা তাদের সঙ্গেও তর্কে জড়ান।
এদিকে ঘটনার পরপরই শুক্রবার সন্ধ্যায় নয়নকে থানায় নেওয়া হলেও স্থানীয় বিএনপি নেতাদের তদবিরে সে সময় তাকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে ভিডিওটি ব্যাপকভাবে ভাইরাল হলে শনিবার দুপুরে তাকে পুনরায় আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এবং রাতে মামলা দায়েরের পর আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়। মামলার বাকি আসামিদের গ্রেফতারেও অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।