নেপাল ও তিব্বত সীমান্ত এলাকায় আঘাত হানা আকস্মিক বন্যায় এখন পর্যন্ত ৬৭৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ভয়াবহ এই দুর্যোগের ব্যাপক ধ্বংসযজ্ঞের পর আজ রোববার (৩০ আগস্ট) পঞ্চম দিনেও দেশটিতে জোরালোভাবে চলছে উদ্ধার অভিযান।
নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ২ হাজার ৪০০ জনের বেশি মানুষ। তাদের উদ্ধারে ১৮ হাজার ৭০০-এর বেশি উদ্ধারকর্মী মাঠে কাজ করছেন। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ও স্থানীয় কর্মকর্তাদের ধারণা, কোনো হিমবাহ ধসে পড়ার কারণেই এই ভয়াবহ পানির স্রোতের সৃষ্টি হতে পারে।
এদিকে নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, এখন পর্যন্ত ২৬১ জন বিদেশি নাগরিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে এখনও ৩২০ জন বিদেশি নাগরিকের কোনো খোঁজ মেলেনি। উদ্ধার হওয়া বিদেশি নাগরিকদের মধ্যে ভারতের ১৬৭ জন, চীনের ৪০ জন, ইউক্রেনের ৮ জন, জার্মানির ৪ জন, মাল্টার ৪ জন, যুক্তরাষ্ট্রের ৩ জন, ইতালির ২ জন, রাশিয়ার ২ জন, স্পেনের ২ জন, সুইজারল্যান্ডের ২ জন ও তুরস্কের ২ জন ছাড়াও অন্যান্য দেশের নাগরিক রয়েছেন।
অন্যদিকে, চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সীমান্তবর্তী তিব্বতে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং সেখানে আরও ৫৫৪ জন নিখোঁজ রয়েছেন। ভয়াবহ এই দুর্যোগের কারণে সীমান্তবর্তী দুর্গম এলাকাগুলোতে উদ্ধার কাজ চালাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে উদ্ধারকারী দলগুলোকে। তারপরও নিখোঁজদের সন্ধানে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।