চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী ও বিএনপি নেতা বেলায়েত হোসেন। গতকাল বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানীর সই করা প্রজ্ঞাপনে জানানো হয়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮ এর ধারা ৭ (১) অনুযায়ী ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে পরবর্তী এক বছর মেয়াদে সিডিএ-এর চেয়ারম্যান (গ্রেড-২) পদে এই নিয়োগ প্রদান করা হলো।
তিনি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক। ১৯৮৪ সালে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি এবং পলিটেকনিকের নির্বাচিত জিএস (সাধারণ সম্পাদক) ছিলেন। ১৯৮৬ সালে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন।তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। তিনি গত সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বিএনপির অন্যতম প্রধান মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
সিডিএ-এর চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন:
“আমি সবার কাছে দোয়া চাই। দল আমার ত্যাগের মূল্যায়ন করেছে। আমি চট্টগ্রামের পরিকল্পিত ও সার্বিক উন্নয়নে আমার সর্বোচ্চ দায়িত্ব পালন করব।”
চট্টগ্রামের উন্নয়ন ও আবাসন খাতের শীর্ষ এই স্বায়ত্তশাসিত সংস্থায় একজন প্রকৌশলী এবং দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্বকে শীর্ষ পদে নিয়ে আসায় চট্টগ্রামের উন্নয়ন কর্মকাণ্ডে আরও গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।