আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নতুন রাষ্ট্রপতির নির্বাচন এবং শপথগ্রহণ অনুষ্ঠান সম্পর্কিত বিস্তারিত তথ্য জানাতে বুধবার বিকেলে সংসদ ভবনে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের সভা শেষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

তিনি জানান, দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হবে। দুপুর ২টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচন কমিশন ও সংসদ উভয় পক্ষের যৌথ সিদ্ধান্তে নির্বাচন শুরুর ৫ মিনিট আগে ভোটের লাইভ টেলিকাস্ট শুরু করা হবে।

চিফ হুইপ আরও জানান, রাষ্ট্রপতি, স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভোটদান সরাসরি সম্প্রচার করা হবে। এরপর পরবর্তী পুরো ভোটগ্রহণ প্রক্রিয়া রেকর্ড করা হবে এবং নির্বাচন শেষ হওয়ার পাঁচ মিনিট পূর্বে পুনরায় লাইভ টেলিকাস্ট শুরু করা হবে। ফলাফল ঘোষণাও সরাসরি দেখানো হবে বলে তিনি উল্লেখ করেন। নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান আগামী শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে অনুষ্ঠিত হবে।

দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের সফলতার কথা তুলে ধরে চিফ হুইপ বলেন, জনগণের রায়ে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার গঠনের পর এখন দেশকে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় সরকার ও বিরোধী দল।

উল্লেখ্য, এবারের রাষ্ট্রপতি নির্বাচনে ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার হিসেবে ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে বিএনপি ও সমমনা দলের মনোনীত প্রার্থী হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতসহ ১১ দলীয় ঐক্য জোট মনোনীত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদ। ১৯৯১ সালের পর এই প্রথম একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় দেশে একটি প্রতিযোগিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এর আগে বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের এই সভা শুরু হয়। সভায় রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।