সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে বিভিন্ন বয়সসীমার এক হাজার ১৮ শিশু হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে। তবে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে শুধু হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর ঘটনা ঘটেনি।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮২৩ শিশুর মৃত্যু হলো। পাশাপাশি, নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে আরও ৯৯ শিশু। অর্থাৎ, চলতি প্রাদুর্ভাবের শুরু থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ মিলিয়ে মোট ৯২২ শিশুর মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৭ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৩১। সবমিলিয়ে ওই একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৮৭ শিশু এবং সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে ৯২৫ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৯ আগস্ট পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ৭১১ জনে। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ৭৬ জন। এই সময়ে মোট ১ লাখ ২৭ হাজার ৭৬ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছিল, যার মধ্যে ১ লাখ ২২ হাজার ৮০৫ জন সুস্থ হয়ে ইতিমধ্যে বাড়ি ফিরে গেছেন।