বাংলাদেশ কোনো দেশের সঙ্গে শর্তসাপেক্ষে নয়, বরং পারস্পরিক সমতা, সম্মান ও সার্বভৌমত্বের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

গত বুধবার (১৯ আগস্ট) রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে তিনি সেখানে শ্রদ্ধা জানান।

রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। তাই সব দেশের সঙ্গে সমতার ভিত্তিতেই সম্পর্ক গড়ে তুলতে চায় দেশ। কোনো ধরনের শর্তের বিনিময়ে প্রকৃত বন্ধুত্ব হতে পারে না উল্লেখ করে তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা, সমতা এবং প্রতিটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান রেখেই অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে।

ভারতের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, কোনো ধরনের স্বার্থ বা লুকোচুরি ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণভাবে আমন্ত্রণ জানালে সরকার তা স্বাগত জানাবে। তবে সম্পর্কের পেছনে যদি কোনো বিশেষ স্বার্থ বা শর্ত থাকে, তবে বাংলাদেশ তা মেনে নেবে না। ভারতের সঙ্গেও বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক সম্মানের ওপর প্রতিষ্ঠিত হতে হবে।

এদিকে বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সরকারের নেওয়া বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান তিনি।

এ সময় কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।