ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর পক্ষে লড়াই করতে রাশিয়ায় অন্তত ৫০ হাজারেরও বেশি নতুন সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক্সে দেওয়া এক বার্তায় এই দাবি করেছেন।
রোববার (৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা বার্তায় জেলেনস্কি জানান, উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে এবং খুব শিগগিরই এই নতুন সেনাদের রাশিয়ার বিভিন্ন অঞ্চলে মোতায়েন করা হবে। যদিও তথ্যের উৎস স্পষ্ট করেননি, তবে তিনি ইউক্রেনে উত্তর কোরিয়ায় তৈরি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পাওয়ার কথা উল্লেখ করে জানান, রাশিয়া থেকে লাইসেন্স ও সরঞ্জাম নিয়ে এখন রাশিয়ার ভেতরেই এসব অস্ত্র তৈরি হচ্ছে।
এদিকে উত্তর কোরিয়া রাশিয়াকে সহযোগিতা করার পাশাপাশি ইউক্রেনও দক্ষিণ কোরিয়ার সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন জেলেনস্কি। তিনি জানান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (এয়ার ডিফেন্স সিস্টেম), ড্রোন নির্মাণ চুক্তি ও অন্যান্য সামরিক খাতে দক্ষিণ কোরিয়ার সমর্থন ও সহযোগিতা পেতে প্রস্তুত রয়েছে ইউক্রেন।
উল্লেখ্য, ২০২৪ সালের জুনে পুতিনের পিয়ংইয়ং সফরকালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত বিস্তৃত কৌশলগত চুক্তির আওতায় এর আগেও রাশিয়া সেনা ও সমরাস্ত্র সহায়তা পেয়ে আসছে। সম্প্রতি ইউক্রেনীয় গোয়েন্দাদের তথ্য অনুযায়ী, নিয়মিত সেনার পাশাপাশি উত্তর কোরিয়া রাশিয়ায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও লঞ্চারসহ একটি ক্ষেপণাস্ত্র ইউনিটও মোতায়েন করেছে।