শারীরিক প্রতিবন্ধকতা ও চরম দারিদ্র্যকে সঙ্গী করে প্রতিদিন বেঁচে থাকার লড়াই করছেন শেরপুরের নকলা উপজেলার বাসিন্দা অধিন সেলিম। কোনো সচল আয়ের পথ না থাকায় স্ত্রী-সন্তান নিয়ে অনটনের সংসারে যখন পেটে ঠিকমতো ভাত জোটে না, ঠিক তখনই ডিজিটাল মাধ্যম ফেসবুক হয়ে উঠেছিল তার জীবনের এক আলোর রেখা। কিন্তু বর্তমানে একটি বিশেষ গোষ্ঠীর নিয়মিত হুমকিতে সেই সামান্য আয়ের পথ নিয়েও তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা।
স্থানীয় সূত্রে জানা যায়, অধিন সেলিম লালন মতবাদে বিশ্বাসী। আর এই মতাদর্শের পার্থক্যের কারণেই একটি গোষ্ঠী তার আয়ের একমাত্র সম্বল ফেসবুক আইডিটি নষ্ট বা বন্ধ করে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে নিয়মিত হুমকি দিয়ে যাচ্ছে।
প্রতিবন্ধী সেলিম আক্ষেপ করে বলেন, "জীবনের প্রতিটি পদক্ষেপে লড়াই করে বেঁচে থাকতে হচ্ছে। কষ্টের মাঝেও ফেসবুক থেকে আসা সামান্য আয়ে যখন পরিবার নিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছিলাম, তখনই শুরু হয় এই অনৈতিক হুমকি। কেবল মতাদর্শের পার্থক্যের কারণে কি আমার জীবিকা এবং বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়া হবে?"
পরিবার নিয়ে চরম উৎকণ্ঠা ও আতঙ্কের মধ্যে দিন কাটছে সেলিমের। অনিশ্চয়তার এই কালো মেঘ থেকে মুক্তি পেতে তিনি দেশের বর্তমান সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট মহলের সহযোগিতা কামনা করেছেন। যাতে কোনো কুচক্রী মহল তার উপার্জনের একমাত্র মাধ্যমটি কেড়ে নিতে না পারে এবং তিনি নিরাপদে পরিবার নিয়ে বেঁচে থাকতে পারেন।