জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে বিল’, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে সচিবালয় অভিমুখে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের পদযাত্রা পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে সচিবালয়ের সামনে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। পরে সেখানেই এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সমাবেশে জামায়াত আমির বলেন, "আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি। আমরা আজ এখানে বক্তৃতা দিতে আসিনি। জনগণের ১১ দফা দাবি মানুষের হাতে তুলে দিতে এসেছি। এই ১১ দফা কোনো দল, গোষ্ঠী বা কোনো ব্যক্তির স্বার্থের জন্য নয়; এটি ১৮ কোটি মানুষের অধিকার রক্ষার দাবি।"
সরকারের উদ্দেশে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে। জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জনভোগান্তি কমাতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, সচিবালয় জনগণের সম্পদ। সেখানে যারা দায়িত্বে আছেন, তাদের অবশ্যই জনগণের দাবি শুনতে হবে এবং তা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।