ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ‘নতুন ধারা বাংলাদেশ’ ও ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের দুটি রাজনৈতিক গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সহিংসতার কারণে হাসপাতালের জরুরি বিভাগে প্রায় দেড় ঘণ্টা চিকিৎসাসেবা বন্ধ থাকে।
মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রথমে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে উভয়পক্ষের আহত ব্যক্তিরা চিকিৎসা নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছালে জরুরি বিভাগের ভেতরেই আবারও তারা সংঘর্ষে লিপ্ত হন।
সংঘর্ষে ‘নতুন ধারা বাংলাদেশ’-এর চেয়ারম্যান মোমিন মেহেদী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ড. নুরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক আতাপ মন্ডল ও হরিদাস সরকার এবং ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর সদস্যসচিব আয়াসসহ উভয়পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।
শান্তা ফারজানার অভিযোগ, প্রেসক্লাবে তাদের শান্তিপূর্ণ মশাল মিছিলে অতর্কিত হামলা চালানো হয় এবং পরবর্তীতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায়ও তাদের ওপর হামলা চালিয়ে অবরুদ্ধ করে রাখা হয়। অন্যদিকে রাষ্ট্র সংলাপ ফোরামের পক্ষ থেকে দাবি করা হয়েছে, শহীদ আবু সাঈদ ও ধর্মীয় বিষয় নিয়ে কটূক্তির প্রতিবাদ করায় এই সংঘাতের সৃষ্টি হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়। দফায় দফায় সংঘর্ষের ফলে হাসপাতালের চিকিৎসক, স্টাফ ও রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাময়িকভাবে চিকিৎসাসেবা ব্যাহত হয়। পরিস্থিতি মোকাবিলায় ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জরুরি বিভাগের চিকিৎসকদের নিয়ে বৈঠকে বসেছেন।