বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ড (ইউএসএআরপিএসি)-এর যৌথ অংশগ্রহণে ‘অনুশীলন টাইগার লাইটনিং (টিএল)-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠান সিলেটের জালালাবাদ সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হুমায়ুন কবীর, এসইউপি (বার), এসপিপি, এনডিসি, পিএসসি, এমফিল।

গত ১৯ জুলাই শুরু হওয়া যৌথ মহড়াটি বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড এবং যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক ও ওরেগন ন্যাশনাল গার্ডের সম্মিলিত অংশগ্রহণে পরিচালিত হয়।

উল্লেখ্য, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা বিধান, সন্ত্রাস দমন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মানবিক সহায়তার মতো বিভিন্ন ক্ষেত্রজুড়ে কৌশলগত সহযোগিতা বিদ্যমান। যেকোনো বৈশ্বিক হুমকি ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মতো অংশীদারদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই ধারাবাহিকতা বজায় রাখা, কৌশলগত আভিযানিক সক্ষমতা বৃদ্ধি ও পারস্পরিক যৌথ প্রস্তুতি জোরদার করার লক্ষ্যেই টাইগার লাইটনিং-২০২৬ পরিচালিত হয়।

এবারের অনুশীলনে মার্কিন যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক ও ওরেগন ন্যাশনাল গার্ডের ৮৮ জন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড ও বিভিন্ন ফরমেশনের বিষয়ভিত্তিক বিশেষজ্ঞসহ মোট ৯২ জন সেনাসদস্য অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি অংশগ্রহণকারী প্রতিটি সদস্যের হাতে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করার সনদ এবং স্মারক ইনসিগনিয়া তুলে দেন।

সমাপনী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগ, সেনাসদর ও সিলেট অঞ্চলের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিরা এবং প্রশিক্ষণার্থী সেনাসদস্যরা উপস্থিত ছিলেন। এই যৌথ অনুশীলন উভয় দেশের সেনাবাহিনীর পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।