একটি পরিচ্ছন্ন ও সুন্দর নগরী গড়ে তুলতে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের প্রত্যক্ষ অংশগ্রহণে সচেতনতামূলক কার্যক্রম এবং বিভিন্ন ফলপ্রসূ পদক্ষেপ হাতে নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
মঙ্গলবার (২৮ জুলাই) মিরপুর-১৪ নম্বরে অবস্থিত বাংলাদেশ নৌবাহিনীর বি এন কলেজে আয়োজিত এক পুরস্কার বিতরণী সভা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রশাসক বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমান একজন মানবিক মানুষ এবং তা সারা বিশ্বে স্বীকৃত। প্রধানমন্ত্রীর হাত ধরেই বাংলাদেশে পরিবর্তন আসবে। আমরা তার সহকর্মী হিসেবে তাকে অনুসরণ করে দেশ গড়ার কাজে সহযোগিতা করে যাচ্ছি।"
তিনি আরও বলেন, ছাত্র-ছাত্রীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ এবং বিভিন্ন ভালো ও জনসেবামূলক কাজের মাধ্যমে প্রধানমন্ত্রীর ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ স্লোগান বাস্তবায়ন আরও সহজ হবে। আমাদের উচিত আজকের এই কর্মসূচিকে দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দিয়ে জনসচেতনতা বৃদ্ধি করা এবং সিটি করপোরেশনের সেবাগুলো নাগরিকদের দোরগোড়ায় আরও সহজে পৌঁছে দেওয়া।
চেষ্টার মাধ্যমেই সবকিছু অর্জন করা সম্ভব উল্লেখ করে শফিকুল ইসলাম খান বলেন, "বাংলাদেশ নেভি কলেজের ছাত্র-ছাত্রীদের পরিচ্ছন্নতা বিষয়ক আইডিয়াগুলো আমরা নগরের প্রতিটি ওয়ার্ডে ও পাড়া-মহল্লায় নাগরিকদের মাঝে ছড়িয়ে দেব। একই সঙ্গে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে একটি আদর্শ পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাব।"
পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে নৌবাহিনী কলেজ, ডেন্টাল কলেজ ও নেভি স্কুলের শত শত শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে আধুনিক ডাস্টবিন ব্যবহারের সঠিক পদ্ধতি প্রদর্শন করা হয় এবং শিক্ষার্থীরা নিজেরাই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
বিএন কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন এম ইসমাইল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডোর হুমায়ুন কবীরসহ কলেজের শিক্ষক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।