রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য কর্ণফুলী টানেলে আগামী চার রাত নিয়ন্ত্রিতভাবে যান চলাচল পরিচালনা করা হবে। এ সময় এক টিউব দিয়ে যানবাহন চলাচল করানো হবে এবং প্রয়োজন হলে উভয় প্রান্তে ৫ থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত যানবাহন অপেক্ষা করতে হতে পারে।
মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ থেকে ৩১ জুলাই পর্যন্ত প্রতিদিন দিনগত রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এ সময় ‘পতেঙ্গা-আনোয়ারা’ অথবা ‘আনোয়ারা-পতেঙ্গা’—দুই টিউবের যেকোনো একটিতে ট্রাফিক ডাইভারসনের মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে যান চলাচল অব্যাহত রাখা হবে।
এতে আরও বলা হয়, বিদ্যমান যানবাহনের চাপ অনুযায়ী টানেলের উভয় প্রান্তে ৫ থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত যাত্রী ও যানবাহনকে অপেক্ষা করতে হতে পারে।
কর্ণফুলী টানেলের নিরাপদ ও কার্যকর রুটিন রক্ষণাবেক্ষণ কার্যক্রমে সড়ক ব্যবহারকারীদের সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।